স্মার্ট কৃষি ও খাদ্য নিরাপত্তায় প্রিসিশন এগ্রিকালচারকে গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬
ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬:
দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যবস্থায় রূপান্তরের প্রত্যয়ে রাজধানী ঢাকায় উদ্বোধন করা হয়েছে ০৩ (তিন) দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ (14th AgroTech Bangladesh-2026)। গত০৫ নভেম্বর শুরু হওয়া এ আন্তর্জাতিক মেলা  ০৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), জোয়ার সাহারা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় মোট ১৪টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহনের মাধ্যমে মোট ৫০০টি স্টলে স্ব-স্ব আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও বিশিষ্ট অতিথিবৃন্দ গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ শুক্রবার সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার হলরুম-০৪-এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার পরিচালক (চঃ দাঃ) ও মেলার আহ্বায়ক ড. মোঃ আবিদ হোসেন মৃধা। এছাড়া লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস-এর চেয়ারম্যান জনাব কাজী সানোয়ার উদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথিবৃন্দ তাঁর বক্তব্যে কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।
প্রিসিশন এগ্রিকালচার ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সেমিনার মেলার অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন পর্বে “Precision Agriculture as the Catalyst for Food Security of Bangladesh” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচাল (ভারপ্রাপ্ত) ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। সেমিনারে প্রিসিশন এগ্রিকালচার বা নির্ভুল কৃষি প্রযুক্তির ব্যবহার, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনে তথ্য ও প্রযুক্তির প্রয়োগ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্ভাবনী প্রযুক্তির সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি উৎপাদনে দক্ষতা বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচিত হয়।
আয়োজকদের প্রত্যাশা, ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, কৃষির বাণিজ্যিকীকরণ, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশ এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অবদান রাখবে।